গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে অন্তত ৩৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাজারের বেশি।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামলায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাজার ৬০ জনে। অন্যদিকে তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা এখন ৬৬ হাজার ৫৫ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত এক দিনে গাজার বিভিন্ন হাসপাতাল থেকে আরও ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৮৪ জন। এ নিয়ে চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৮ হাজারেরও বেশি।
বিবৃতিতে আরও বলা হয়, বহু ফিলিস্তিনি এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন, কিন্তু ইসরায়েলি অবরোধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এছাড়া, মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪৮ জন। কেবলমাত্র ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত ২ হাজার ৫৭১ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় ১৮ হাজার ৮১৭ জন।
গাজায় চলমান এ সহিংসতাকে মানবাধিকার সংগঠনগুলো “মানবিক বিপর্যয়ের চূড়ান্ত উদাহরণ” বলে উল্লেখ করেছে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও চলমান রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।