বলিউডে প্রথম কাজ ‘ব্যাডস অফ বলিউড’ দিয়ে সাফল্যের স্বাদ পাচ্ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। কিন্তু মুক্তির এক সপ্তাহও না যেতেই সিরিজটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, সিরিজে নিষিদ্ধ ই-সিগারেটের প্রচার করা হয়েছে, যা ভারতীয় আইনের লঙ্ঘন।
সিরিজে অতিথি চরিত্রে হাজির হন রণবীর কাপুর। এক দৃশ্যে তাকে ই-সিগারেট ব্যবহার করতে দেখা যায়। সেই মুহূর্তটি ঘিরেই ঝড় উঠেছে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) মুম্বাই পুলিশের কাছে রণবীর, প্রযোজনা সংস্থা এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা করার আবেদন জানিয়েছে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, দৃশ্যটিতে কোনো ধরনের স্বাস্থ্য সতর্কতা দেখানো হয়নি, যা তরুণদের ভেপিংয়ে উৎসাহিত করতে পারে। ফলে ২০১৯ সালে ভারতে ই-সিগারেট নিষিদ্ধকরণ আইন ভঙ্গ হয়েছে। এনএইচআরসি মুম্বাই পুলিশ কমিশনারকে ই-সিগারেটের সরবরাহ চক্র তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।
‘ব্যাডস অফ বলিউড’ মুক্তি পেয়েছে ১৮ সেপ্টেম্বর। সিরিজে ববি দেওল, সাহের বাম্বা, মোনা সিং, মনীশ চৌধুরী, অন্যা সিংসহ একাধিক তারকা অভিনয় করেছেন। এছাড়া ক্যামিও করেছেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহর, রণবীর সিং, সারা আলী খানসহ আরও অনেকে। তবে রণবীর কাপুরের একটি সংক্ষিপ্ত দৃশ্যই এখন পুরো প্রকল্পকে আইনি জটিলতায় ফেলেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।